কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি পুরোনো ভবন ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে কোটচাঁদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ানুর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ের ওই ভবন ভাঙার কাজে ইয়ানুরসহ কয়েকজন শ্রমিক নিয়োজিত ছিলেন। কাজ চলাকালে অসাবধানতাবশত তার হাতের একটি লোহার রড পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে আসে। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন