মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ-কাটোয়া রেল শাখার কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুর রেলগেটের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনায় তিন শিক্ষার্থীসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকালে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন শিক্ষার্থী ও গাড়ির চালককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টা নাগাদ ডাউন লাইনে নিমতিতা-কাটোয়া লোকাল ট্রেনটি আসার সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এর ঠিক আগেই আপ লাইনে হাওড়াগামী নবদ্বীপ এক্সপ্রেস চলে যাওয়ার পর গোবিন্দপুর রেলগেটটি খোলা রাখা হয়েছিল। গেট খোলা দেখে ১০ জন শিক্ষার্থীকে নিয়ে গাড়িটি রেললাইন পার হতে গেলে তীব্র গতিতে আসা লোকাল ট্রেনটি সরাসরি সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী ও এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ গুরুতর জখম পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, যাদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
ঘটনায় রেলের গাফিলতি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গেটম্যানের অসতর্কতা ও মদ্যপ অবস্থার কারণেই সময়মতো লেভেল ক্রসিং বন্ধ করা হয়নি।
দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ ও রেলের একটি বিশেষ দল।
খুলনা গেজেট/এএজে

