বিদায়ী মহাসচিবের সঙ্গে বৈঠক

সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান পাকিস্তানি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে পুনরুজ্জীবিত ও আরো কার্যকর করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিত বলা হয়, সার্কের মহাসচিব হিসেবে গোলাম সারওয়ারের কার্যকালে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার নেতৃত্বের প্রশংসা করেন শাহবাজ শরিফ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তিনি সার্ক সনদের প্রতি পাকিস্তানের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং পারস্পরিক সংযোগ, টেকসই উন্নয়ন ও দক্ষিণ এশিয়ার জনগণের যৌথ সমৃদ্ধি প্রসারের জন্য আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।’

অন্যদিকে সারওয়ার তার কার্যকালে পাকিস্তানের দেওয়া সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শাহবাজকে ধন্যবাদ জানান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একদিন আগে সারওয়ারের সঙ্গে বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়েছিলেন।

দক্ষিণ এশিয়া জুড়ে আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল।

সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যার প্রধান কারণ ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা। ২০১৪ সালের পর থেকে কোনো সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন