মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশে কোনো ইসরায়েলি নাগরিকের সন্ধান পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। একই সঙ্গে কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরায়েলির সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করছে। বুধবার (১৫ জুলাই) আনোয়ার ইব্রাহিম এমন ঘোষণা দেন। খবর আনাদোলু এজেন্সির।
ইংরেজি দৈনিক ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, আনোয়ার বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযোগের তদন্ত করছে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি কোনো ইসরায়েলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করব, কারণ আমরা ইসরায়েলকে স্বীকৃতি দিই না।’
মালয়েশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। তাই বিশেষ অনুমতি ছাড়া সাধারণত ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হয় না।
জোহরভিত্তিক স্টার্টআপ কমিউনিটি নেটওয়ার্ক স্কুল-সংক্রান্ত অভিযোগের বিষয়ে জোহর রাজ্য সরকার ফেডারেল তদন্তের আহ্বান জানানোর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত শুরু করে।
অন্যদিকে, অভিবাসন বিভাগ বুধবার জানিয়েছে, ফরেস্ট সিটির একটি আন্তর্জাতিক কমিউনিটিতে পরিদর্শন করা ২৬৬ জন বিদেশির সবার অভিবাসনসংক্রান্ত নথিপত্র বৈধ পাওয়া গেছে।
খুলনা গেজেট/এএজে

