হাত-পায়ের ব্যথা সাধারণ ভেবে এড়িয়ে যাচ্ছেন, হাড় ক্যানসার নয় তো? কী বলছেন চিকিৎসক

লাইফ স্টাইল ডেস্ক

কম-বেশি অনেকেরই হাড়ে ব্যথা হয়। সাধারণত অল্প ব্যথা হলে খুব একটা গুরুত্ব দেয়া হয় না। এ কারণে অনেক সময় দিন, মাস কিংবা বছরও কেটে যায়। তবে ব্য্যথা যখন তীব্র আকার ধারণ করে, তখন কেউ কেউ নিকটস্থ ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক সেবন করে সাময়িক মুক্তিতে স্বস্তি খুঁজে পান।

হাড় ব্যথায় এমনটা অনেকেরই অভ্যাস। এই অভ্যাসের কারণেই ভয়াবহ বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। হাড়ে ব্যথা হলেই তা বয়সজনিত বা চোট পাওয়ার কারণে হয়েছে ভাবা ঠিক নয়। হতে পারে তা মরণব্যাধী ক্যনসারের মতো ভয়ংকর রোগের ইঙ্গিত। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চিকিৎসকদের মতে, হাড়ের ক্যানসার বিরল হলেও প্রাথমিক লক্ষণে যদি সচেতন হয়ে সঠিক চিকিৎসা নেয়া যায়, তাহলে সুস্থতা সম্ভব।

ক্যানসার চিকিৎসক সন্দীপ গঙ্গোপাধ্যায় বলেছেন, হাড়ের ক্যানসার সাধারণত কম বয়সীদের হয়ে থাকে; ১১ থেকে ২০ বছর বয়সীদের হয়। একভাবেই শনাক্ত হয় রোগটি। খেলাধুলার সময় সাধারণ চোট পাওয়ার পর ব্যথা দীর্ঘদিনেও না সারার কারণে চিকিৎসকের পরামর্শ নেয়ার প্রয়োজন হয়। আর তখনই জানা যায় হাড়ে ক্যানসার হয়েছে। বয়স্কদের মধ্যে রোগটি বিরল। তবে শরীরের অন্য কোথাও ক্যানসার হলে তা হাড়ে ছড়িয়ে পড়তে পারে।

যেসব লক্ষণে সতর্ক হতে হবে:

হাড়ের দুর্বলতা: কারও কারও হাত-পায়ে দুর্বলতা, খুঁড়িয়ে হাঁটা বা নড়াচড়া করতে সমস্যা হয়ে থাকে। দুর্বলতার জন্য কোনো ধরনের বড় দুর্ঘটনা ছাড়াই আক্রান্ত হাড় হঠাৎ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে; যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘প্যাথলজিক্যাল ফ্র্যাকচার’। সাধারণত, হাড়ের ভেতর যদি আগে থেকে কোনো রোগ বা দুর্বলতা থাকে, তাহলে এমনটা হয়ে থাকে। এ ধরনের লক্ষণগুলো অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

হাড় ব্যথা: হাড়ের ক্যানসারের অন্যতম প্রধান লক্ষণ হচ্ছে নির্দিষ্ট একটি জায়গায় দীর্ঘদিন ব্যথা থাকা। শুরুতে ব্যথা আসা-যাওয়া করতে পারে। তবে ধীরে ধীরে তা তীব্র ও স্থায়ীও হতে পারে। কারও ক্ষেত্রে এই ব্যথা রাতে ব্যাপক বেড়ে যায় কিংবা বিশ্রামেও কমে না।

হাড়ের স্ফীতি: হাড়ের কোনো অংশে যদি অস্বাভাবিক ফোলা, শক্ত গাঁট বা স্পর্শ করলে ব্যথা হয়, তাহলে অবহেলা করা যাবে না। বিশেষ করে ফোলা যদি ধীরে ধীরে বাড়তে থাকে। সাধারণত, ব্যথা হওয়ার কয়েক সপ্তাহ পরও অনেক সময় হাড়ে এ ধরনের স্ফীতি দেখা দেয়।

এছাড়া, কখনো দুর্বলতা, ওজন কমা, প্রবল ক্লান্তি, জ্বর কিংবা সামগ্রিকভাবে শরীর অসুস্থবোধ করাও উপসর্গ হতে পারে। এসব সাধারণ সমস্যা মনে হওয়ায় অধিকাংশ মানুষই গুরুত্ব দেন না। তবে মনে রাখা উচিত, হাড়ে দীর্ঘদিন ব্যথা হলেই তা ক্যানসার নয়। হতে পারে বাত, পুরোনো আঘাত, ভিটামিন ডি’র ঘাটতি বা অন্য কোনো কারণে এই ব্যথা হয়েছে। এ কারণে আতঙ্কিত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন