সাতক্ষীরার দেবহাটা উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামে শাহানারা বেগম (৩৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহানারা সখিপুর ইউনিয়নের ওই গ্রামের মৃত জাহিদ আলমের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাতের কোনো এক সময় নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে শাহানারার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর সংসারের স্বচ্ছলতা ফেরাতে তিনি বিদেশে গিয়েছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে আসেন। তবে কী কারণে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় দেবহাটা থানায় ১৪ নম্বর অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

