হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে ২০০ রানের টার্গেট

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৪১ রানে আটকে রেখেও বাংলাদেশ ম্যাচ হেরেছিল ২৫ রানে। মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ২৪৭ রানের বেশি করতে দেয়নি। এবারও তীরে গিয়ে তরি ডোবায় বাংলাদেশ। ২৩৪ রানে অলআউট হয়ে ম্যাচ হেরে যায় ১৩ রানে।

শনিবার (১১ জুলাই) তৃতীয় ম্যাচ বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর। লক্ষ্য এবার ২০০। হারারেতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৯৯ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। অলআউট হয়ে যায় ৪৮.১ ওভারে। বোলাররা নিজেদের কাজটা ভালোভাবে করে রাখলেন। ব্যাটসম্যানরা কী আজ দায়িত্ব নিতে পারবেন?

বাংলাদেশের সেরা বোলার শরিফুল ইসলাম। একাদশে ফিরে শরিফুল ১০ ওভারে ৪৪ রানে ৪ উইকেট নেন।

বাংলাদেশের আঁটসাঁট বোলিংয়ে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে মাথা তুলে লড়াই করেন ওয়েসলি মাধভেরে। ইনিংসের শুরুতে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে জীবন পাওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অনায়েস ব্যাটিংয়ে রান তুলেন। ৭৪ বলে ৭৫ রান করেন ৫ চার ও ১ ছক্কায়।

এ ছাড়া শেষ দিকে ৫০ রান করেন ব্রাড ইভান্স। ৪৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ইভান্স নিজের ইনিংসটি সাজান। এ ছাড়া ইনোসেন্ট কাইয়া করেন ২৫ রান। বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি। শেষ দিকে ইভান্সকে থামানো গেলে বাংলাদেশের লক্ষ্য আরও কিছুটা কমে আসতো।

উইকেট আগের দিনের তুলনায় কিছুটা স্লো। বলও ঘুরছে বেশ। বাংলাদেশের ব্যাটসম্যানদের এই উইকেটে কঠিন পরীক্ষা দিতে হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন