ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

সামাজিক জবাবদিহিতা (এসএ) এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা (এএপি) ব্যবস্থাপনা বিষয়ক পরিচিতিমূলক কর্মশালা বৃহস্পতিবার (২ জুলাই) খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথি বলেন, সুশাসন নিশ্চিতে প্রত্যেকটি দপ্তরই বিভিন্ন টুলস-এর সাথে জড়িত। জলবায়ুগত বা বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি জবাবদিহিতা নিশ্চিতে প্রয়োজন টুলসগুলোকে সক্রিয় করা। ২০৩০ সালের মধ্যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে এসডিজি বাস্তবায়ন করতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ইউনিসেফ বিভিন্ন দপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে। যদি আপনারা চান আমরা এই সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমকে একটি এজেন্ডা হিসেবে নিয়ে কাজ করবো। নিয়মিত আমরা কর্মপরিকল্পনা নিয়ে বসবো ও সমাধান করবো সাধ্য অনুযায়ী। প্রয়োজনে নীতি-নির্ধারণী পর্যায়ে সুপারিশ করবো। সর্বাগ্রে আমাদের দায়িত্বটা আমাদেরকেই পালন করতে হবে এবং এই প্রতিশ্রুতি স্ব স্ব দপ্তরের পক্ষ থেকেই আসতে হবে। তবেই আমরা সকল বাধা অতিক্রম করতে পারবো। ইউনিসেফ এখানে সহায়তা দিতে প্রস্তুত। তারা খুলনা বিভাগে আজকের এই কর্মশালার মধ্য দিয়েই নতুন দৃষ্টান্ত সৃষ্টি করতে চাচ্ছেন। তাই আমাদের সকল দপ্তরের সেবা প্রদানের মানসিকতা সর্বাগ্রে প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের সেবাকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সহজলভ্য করতে প্রতিটি উপজেলা, ইউনিয়ন পর্যায়ে সংযোগ তৈরি করতে হবে। অনেক দপ্তরে জনবল সংকট আছে। সরকার এই জনবল সংকট সমাধানে অত্যন্ত তৎপর। যার যার অবস্থান থেকে তথ্য দিয়ে সরকারকে সহায়তা করতে হবে। জনগণ যেন তাদের সমস্যা বলতে পারে, সমাধান পায়, জনগণের অধিকার যেন নিশ্চিত হয় এই লক্ষ্যে কাজ করার আহবান জানান তিনি। একই সাথে ইউনিসেফকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই ধরনের কর্মশালা আয়োজনের জন্য।

কর্মশালায় খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, জেলা প্রশাসক হুরে জান্নাত ও স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন বক্তৃতা করেন। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফ খুলনার চিফ মো. কাওসার হোসাইন। কর্মশালায় বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। ইউনিসেফের সহযোগিতায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন