খুলনার ফুলতলা উপজেলার পাইগ্রাম কসবায় আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে ‘লায়ন শিল্পী ডায়াবেটিস কেয়ার সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন (এলসিআইএফ)-এর অনুদানে স্থাপিত এ কেন্দ্র থেকে নামমাত্র ফিতে ডায়াবেটিস, চক্ষু, ডেন্টাল ও কান-নাক-গলা (ইএনটি) বিভাগের চিকিৎসাসেবা পাওয়া যাবে।
শনিবার (২৭ জুন) পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাবের স্থায়ী ভবনে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ১ বাংলাদেশের জেলা গভর্নর এ কে এম গোলাম ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আবিদ হাবিব।
অনুষ্ঠানে জানানো হয়, এলসিআইএফের ‘এক্সপ্যান্ড লায়ন হেলথ সেন্টার ইন ফুলতলা’ প্রকল্পের আওতায় স্বাস্থ্যকেন্দ্রটি সম্প্রসারণ করা হয়েছে। এলসিআইএফের এই স্বাস্থ্যসেবা-সংক্রান্ত আন্তর্জাতিক অনুদান পাওয়া দেশের একমাত্র লায়ন্স ক্লাব হলো পাইগ্রাম কসবা লায়ন্স ক্লাব।
স্বাস্থ্যকেন্দ্রটি প্রতিষ্ঠা ও সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখায় সমাজসেবী ও লায়ন্স নেত্রী সালমা সুলতানা শিল্পীর নামে কেন্দ্রটির নামকরণ করা হয়েছে। তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক জেলা গভর্নর সাবিনা সিদ্দিকা, জেলা ক্যাবিনেট সেক্রেটারি মিজানুর রহমান, জেলা ট্রেজারার সাইদুর রহমানসহ লায়ন্স ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে

