শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

পাইকগাছায় মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে স্থানীয় যদু দাশ নামে এক ব্যক্তিকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

একই সঙ্গে তার কাছ থেকে উদ্ধার করা গাঁজা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত যদু দাশ দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদকের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন