চালককে অচেতন করে রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় গণ পিটুনির শিকার হয়েছে আনোয়ার নামে এক ব্যক্তি। শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর ময়ুর আবাসিক এলাকার ভেতরে ঘটনাটি ঘটে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো. হেলাল বলেন, রিক্সার যাত্রী চালককে ময়ুর আবাসিক এলাকার মধ্যে নিয়ে টাইগার কোমল পানির সাথে কিছু মিশিয়ে পান করতে দেয়। চালক সরল মনে পান করার কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়ে। চালককে রাস্তার ওপর ফেলে দিয়ে যাত্রী আনোয়ার রিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। সেখানে সে জনগণের হাতে আটক হয় এবং গণ পিটুনির শিকার হয়।
তিনি আরও বলেন, স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ অচেতন অবস্থায় চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।
হরিণটানা থানার এসআই রাজীব বলেন, রিক্সা চালক অচেতন থাকায় তার নাম এবং ঠিকানা জানা যায়নি। জনতার হাতে আটক ব্যক্তি নিজেকে আনোয়ার হিসেবে পরিচয় দিয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। পরবর্তীতে আপনাদের জানানো হবে।
খুলনা গেজেট/সাগর/এনএম

