গেল শুক্রবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা মারধরের শিকার হয়েছিলেন নাঈম হাসান। চট্টগ্রামের লালখান বাজার মোড়ে সিএনজি থেকে নামিয়ে মারধর করেন পুলিশের সদস্যরা। এই বিষয়টি নজরে এসেছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) সভাপতি লিসা স্টালেকারের।
রবিবার (১৪ জুন) সংবাদ সম্মেলনে লিসা এই বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘নাইমের বিষয়টি সম্পর্কে আমি খুব বেশি বিস্তারিত জানি না। বাংলাদেশের খবরাখবর নিয়মিত অনুসরণ করি না বলে পুরো বিষয়টি আমার জানা নেই। তবে আমার বিশ্বাস, মিঠুন তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।’
তিনি যোগ করেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেকোনো ঘটনা বা পরিস্থিতি যাই হোক না কেন, একজন খেলোয়াড়ই খেলোয়াড়দের সংগঠনের কাছে সর্বাগ্রে গুরুত্বপূর্ণ। বিষয়টি সম্পর্কে আমাকে সংক্ষেপে জানানো হয়েছিল, আর আমি শুধু এটুকুই নিশ্চিত হতে চেয়েছি যে খেলোয়াড়টি সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন।’
লিসা নিশ্চিত করেছেন ফিকার সভায় যোগ দিতে লন্ডনে যাচ্ছেন কোয়াব সভাপতি মিঠুন। তিনি বলেন, ‘মিঠুন লন্ডনে আমাদের বোর্ড মিটিংয়ে আসছেন, সেখানে তিনি বিশ্বজুড়ে আমাদের বিভিন্ন প্রোগ্রাম এবং ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনগুলো কীভাবে কাজ করে সে সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন।’
খুলনা গেজেট/এএজে

