শুক্রবার । ১২ই জুন, ২০২৬ । ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফিরলেন ক্যামেরুন গ্রিন, ৬ উইকেট নেই অস্ট্রেলিয়ার

ক্রীড়া প্রতিবেদক

আবারও তানভীরের আক্রমণ, এবার ফেরালেন অজিদের নির্ভরযোগ্য ব্যাটার ক্যামেরুন গ্রিন। আগের ম্যাচেই ফিফটি করেছিলেন। এবার ফিরলেন ২৫ রান করে। এখন উইকেটে এসেছেন বার্টলেট, আরেক পাশে লাবুশেন। ২২ ওভারে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ৮৫।

ইংলিসকে ফিরিয়ে ব্রেক-থ্রু এনে দিলেন তানভীর

২৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াকে টেনে তোলার চেষ্টা করছিলেন অধিনায়ক জশ ইংলিস। প্রথম পাওয়ার প্লে-র ধাক্কা সামলে ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি। তবে অজিদের সেই প্রতিরোধ ভেঙে এবার উইকেটের খাতায় নাম লিখিয়েছেন স্পিনার তানভীর ইসলাম।

ইনিংসের ১৮তম ওভারে বোলিং আক্রমণে এসে অধিনায়ক জশ ইংলিসকে সাজঘরের পথ দেখান তানভীর ইসলাম। ইংলিসের বিদায়ে ভেঙে যায় ৪৩ রানের এই প্রতিরোধ। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ৭৫ রান। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গে নতুন ব্যাটার মার্নাস লাবুশানে।

অজিদের ওয়ানডের ইতিহাসে যা ঘটেনি, তাই করেছে বাংলাদেশ

টসে হেরে আগে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।

ইতিহাসে প্রথমবার ০ রানে ৩ উইকেট: অস্ট্রেলিয়ার ১০২৪ ম্যাচের সুদীর্ঘ ওয়ানডে ইতিহাসে এই প্রথম কোনো রান তোলার আগেই টপ-অর্ডারের ৩টি উইকেট হারিয়েছে তারা। এর আগে সর্বনিম্ন ৫ রানে ৩ উইকেট হারানোর রেকর্ড ছিল দলটির।

ওপেনিংয়ে জোড়া শূন্যের বিরল রেকর্ড: দুই অজি ওপেনার ম্যাথু শর্ট ও কুপার কনোলি উভয়েই কোনো রান না করে সাজঘরে ফেরেন। অজি ক্রিকেট ইতিহাসে দুই ওপেনারেরই শূন্য রানে আউট হওয়ার এটি মাত্র তৃতীয় ঘটনা। এর আগে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা ও ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে এমনটা ঘটেছিল।

তাসকিন-ফিজের তাণ্ডব: প্রথম ওভারের চতুর্থ বলেই ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই কুপার কনোলিকে লিটন দাসের ক্যাচ বানান মুস্তাফিজ। একই ওভারের শেষ বলে রেনশকে প্যাভিলিয়নে ফেরান তিনি। বাংলাদেশ সফল রিভিউর সাহায্যে রেনশর উইকেটটি আদায় করে।

২৫ রানে চতুর্থ উইকেটের পতন: প্রাথমিক ধাক্কা সামলে জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি ২৫ রানের জুটি গড়লেও অষ্টম ওভারে ক্যারিকে (১৩) আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মুস্তাফিজ। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৫ রান।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে সাইফ হাসানের পরিবর্তে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। অন্যদিকে অস্ট্রেলিয়া একাদশে লিয়াম স্কটের জায়গায় খেলছেন পেসার রাইলি মেরেদিথ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন