মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন ‘গাংনী ডিগ্রী কলেজ’-এর ৩১ জন শিক্ষককে এডহক ভিত্তিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা উপসচিব কাজী নূরুল ইসলামের সই করা এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।
এতে জানানো হয়, ‘জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০০০’-এর বিধি-৩ এবং ৫-এর বিধান অনুযায়ী এই শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে। কলেজটি জাতীয়করণের তারিখ অর্থাৎ ২০১৬ সালের ২৩ মে থেকে ভূতাপেক্ষভাবে (পেছনের তারিখ থেকে) তাদের নামের পাশে উল্লেখিত পদ ও বিষয়ে এই এডহক নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত ৩১ জন শিক্ষকের সবাই ‘প্রভাষক’ পদে আত্তীকৃত হয়েছেন। তাদের মধ্যে মনোবিজ্ঞান বিষয়ে ২ জন, ইংরেজি বিষয়ে ১ জন, অর্থনীতি বিষয়ে ২ জন, দর্শন বিষয়ে ২ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ১ জন, ইসলাম শিক্ষা বিষয়ে ১ জন, আরবী বিষয়ে ১ জন, সমাজকর্ম বিষয়ে ২ জন, হিসাববিজ্ঞান বিষয়ে ২ জন, ব্যবস্থাপনা বিষয়ে ৪ জন, মার্কেটিং বিষয়ে ২ জন, পদার্থবিজ্ঞান বিষয়ে ২ জন, গণিত বিষয়ে ১ জন, উদ্ভিদবিদ্যা বিষয়ে ১ জন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ২ জন, পরিসংখ্যান বিষয়ে ১ জন, কৃষি শিক্ষা বিষয়ে ১ জন এবং বাংলা বিষয়ে ৩ জন শিক্ষক রয়েছেন।
মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে যে, ‘জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা, ২০০০’-এর বিধি-৬ অনুযায়ী এই শিক্ষকদের চাকরি পরবর্তীতে নিয়মিত করা হবে। এজন্য তাদের শারীরিক সুস্থতা ও প্রাক-চরিত্র (পুলিশ ভেরিফিকেশন) সম্পর্কে কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)-এর আনুষ্ঠানিক সুপারিশের প্রয়োজন হবে।
তবে এই আদেশের আওতায় গাংনী ডিগ্রী কলেজে আত্তীকৃত কোনো শিক্ষক অন্য কোনো সরকারি বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি হতে পারবেন না বলেও জানানো হয়েছে।

