মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে উজ্জ্বল হোসেন (৩৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার রাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলিচালক মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
আহতরা হলেন— মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের ইসমাইল হোসেন (৪৫), সাবদার আলী (৫০), রফিকুল ইসলাম (৫০), চকশ্যামনগরের কবির হোসেন (৫০), ওসমান আলী (৪৮), ইসরাফিল হোসেন (৫০), যাদবপুরের নাজমুল হোসেন (৩৫), বামনপাড়ার রাজা হোসেন (৪০), শহিদুল ইসলাম (৩৫) ও রাধাকান্তপুর গ্রামের লিটন আহমেদ (৩৫)।
আহত মেহেরপুর শহরের বামনপাড়ার শহিদুল ইসলাম বলেন, মেহেরপুর থেকে ১০ জন ট্রলি বোঝাই গরু নিয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পশুহাটে যাওয়ার পথে রাইপুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রলিচালক উজ্জ্বল হোসেনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন।
প্রত্যক্ষদর্শী মুজাহিদুল ইসলাম বলেন, একটি গরু বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা লোকজন ও গরু গাড়ির নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন একত্রিত হয়ে গাড়ি উঁচু করে লোকজনকে বের করে এবং গরুগুলোকে দড়ি কেটে বের করা হয়। আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদুর রহমান বলেন, উজ্জ্বল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তিনি মারা গেছেন। আহতদের বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, গরু বোঝাই ট্রলি উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে

