রবিবার । ৭ই জুন, ২০২৬ । ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

মেহেরপুর সীমান্তে পুশ ইন ব্যর্থ, শূন্যরেখা থেকে ৬ জন উধাও

গেজেট প্রতিবেদন

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ছয়জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর শূন্যরেখায় অবস্থানরত নারী ও শিশুসহ ওই ছয়জনকে আর সেখানে দেখা যায়নি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুনরায় ভারতে ফিরিয়ে নিয়ে গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) ভোরে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫-এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয় গ্রামবাসী বাধা দিলে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।

এরপর ভোর থেকে দিনভর এবং রাত পর্যন্ত সীমান্তের শূন্যরেখায় অবস্থান করেন ওই ছয়জন। পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত রাখেন। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমাধান হয়নি।

বিজিবির দাবি, শনিবার দিবাগত রাত ৩টার পর থেকে ওই ছয়জনকে আর শূন্যরেখায় দেখা যায়নি। বিএসএফ তাদের ফিরিয়ে নিয়েছে বলে ধারণা করছে বিজিবি।

বিজিবি সূত্র আরও জানায়, ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার বেতা রামচন্দ্রপুর এলাকা দিয়ে ওই ছয়জনকে সীমান্তে নিয়ে আসা হয়। তারা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট রাজ্যে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে প্রায় এক মাস কারাগারে রাখার পর সীমান্ত এলাকায় নিয়ে আসে। পরে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

ওই ছয়জন হলেন- আমিন মোল্লা (৮০), আব্দুল্লাহ (৫০), জামরিল (৪৫), রিফুজান (৬৫), রেকায়া (৪০) ও ইব্রাহিম (৭)। তাদের সবার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে। পারিবারিক সূত্র অনুযায়ী, তারা প্রায় ৪০ বছর আগে ভারত চলে যান এবং পরে গুজরাটে বসবাস শুরু করেন।

এ ঘটনায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে কাথুলী বিওপির কোম্পানি কমান্ডার ওসিকুর রহমান, তেঁতুলবাড়িয়া ক্যাম্প কমান্ডার সুবেদার হাবিবুর রহমান এবং ভারতের মুরুটিয়া থানার বেতা রামচন্দ্রপুর ক্যাম্পের এসআই রাজেন্দ্রকুমার পোয়ালি উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, রাত ৩টার পর থেকে তাদের আর সেখানে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নিখোঁজ ওই ছয়জনের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন