বৃহস্পতিবার । ৪ঠা জুন, ২০২৬ । ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পিটিয়ে হত্যা

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মাগুরার মহম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি পেশায় রিকশাচালক। ঝিনুকমালা আবাসনে বসবাস করতেন

স্থানীয়রা জানায়, বিকেলে আবাসনের ৭ বছরের এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বিল্লাল। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে বিল্লাল পালানোর চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশকে খবর দেন। সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মারা যান।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা ইসলাম জানান, বিকেলে বিল্লাল হোসেন নামে এক রোগীকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোকুল চন্দ্র জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আবাসনের বাসিন্দারা বিল্লালকে মারধর করেন। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে শিশুটির পরিবার সদর থানায় বিল্লালকে অভিযুক্ত করে নারী-শিশু নির্যাতন আইনে মামলা করে। পরবর্তীতে বিল্লাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন