সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যুবশক্তি নেতা অয়নকে তুলে নেওয়ার অভিযোগ, অস্বীকার ডিবির

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় যুবশক্তির নেতা অয়ন রহমান খানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে। তবে ঝিনাইদহ জেলা ডিবি জানিয়েছে, তারা কাউকে গ্রেপ্তার করেনি।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোরের একটি ক্লিনিক থেকে তাকে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছে পরিবার। অয়ন ঢাকা মহানগর উত্তর ছাত্রশক্তির সংগঠক।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। কিন্তু পাল্টা ছাত্রদলের পক্ষ থেকে এনসিপির ২২ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। সেই মামলায় আসামি করা হয় অয়নকে।

অয়নের পরিবারের সদস্যরা জানান, অসুস্থ বাবার চিকিৎসার জন্য যশোরের জনতা ক্লিনিকে অবস্থান করছিলেন অয়ন রহমান খান। এ সময় ডিবি পরিচয়দানকারী কয়েকজন ব্যক্তি সেখানে গিয়ে তাকে নিয়ে যান। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

অয়নের বোন জেরিন আখি বলেন, রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অয়ন রহমান খানকে ক্লিনিক থেকে নিয়ে যায়। এরপর থেকে আমরা কোথাও তার খোঁজ পাচ্ছি না।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ আমাদের দায়ের করা মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বর্তমান সরকারও আগের ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করছে।

অভিযোগ অস্বীকার করে ঝিনাইদহ জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ছাব্বিরুল আলম বলেন, আমরা কাউকে গ্রেপ্তার করেনি। এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য বা মেসেজ নেই।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন