রবিবার । ২৪শে মে, ২০২৬ । ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রেনের ছাদে মিলল যুবকের রক্তাক্ত মরদেহ

গেজেট প্রতিবেদন

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পোড়াদহ রেলওয়ে পুলিশ। শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে জানা গেছে, ওই যুবকের বাড়ি চট্টগ্রাম। তিনি চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিল লাইন রেলগেট ক্রস করার সময় ঈদের জন্য নির্মাণাধীন প্যান্ডেলের উপর থেকে ডেকোরেটরের শ্রমিক ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় যুবককে দেখতে পায়। পরে তিনি স্থানীয়দের জানালে তারা রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেন থামিয়ে ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। মরদেহের পকেটের মধ্যে জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন