শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

ঝিনাইদহে ভুয়া ডিবি পরিচয়ে মাদক ব্যবসা, নারীসহ গ্রেপ্তার ৫

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহে পুলিশের ছদ্মবেশে প্রতারণা ও মাদক ব্যবসার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের প্রধান ছাব্বিরুল আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লক্ষ্মণদিয়া গ্রামের রিয়াজ বিশ্বাস (২৭), বারইপাড়া গ্রামের রুবেল হোসেন মোল্যা (৩২), দুধসর গ্রামের আশিক জোয়ার্দ্দার (২৪), কুলচারা গ্রামের তাসলিমা খাতুন (২১) এবং সোন্দা গ্রামের জান্নাতুল ফেরদৌস (২০)।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শৈলকুপা উপজেলার চণ্ডিপুর গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে গোলাপ মোল্যার বাড়ি থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে ডিবির পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন। পাশাপাশি তারা গোপনে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ‘পুলিশ’ লেখা জ্যাকেট, এসআই পদমর্যাদার ব্যাজ, মনোগ্রামযুক্ত পোশাক, ক্যাপ, বেল্ট, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার এবং ১৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ এর আওতায় শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন