শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

নিজের খেলা সেই শটের নাম জানেন না শামীমও

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বল মাঠে না গড়াতেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিত এবং নিউজিল্যান্ডের সিরিজ বাঁচানোর মিশন। তবে এখনও আলোচনা চলছে প্রথম ম্যাচে শামীম পাটোয়ারীর খেলা ‘নো লুক’ শট নিয়ে।

বাঁ–হাতি এই ব্যাটার অবশ্য নিজের খেলা শটটির নাম জানেন না। এ নিয়ে কথা বলেছেন শেষ টি-টোয়েন্টি ম্যাচ পূর্ববর্তী আজকের (শুক্রবার) সংবাদ সম্মেলনে। শামীম পাটোয়ারীর কাছে প্রথম ম্যাচে উইকেটের পেছনে হাঁকানো ছক্কার বিষয়ে জানতে চাওয়া হলে অকপটে তিনি স্বীকার করলেন, সেটি সম্পর্কে জানা নেই তার। যদিও পরক্ষণেই অনুশীলনে এমন শট খেলার প্রচেষ্টার কথা জানিয়েছেন শামীম।

বাংলাদেশি এই তরুণ ব্যাটার বলেন, ‘আসলে শটের নামটা আমি জানি না সত্যি কথা বলতে। আর এটা আমি সবসময় অনুশীলন করি নেটের মধ্যে। কারণ আমি যখন ব্যাটিংয়ে নামি একটু ইমপ্রোভাইজিং (পরিকল্পনা ছাড়া তাৎক্ষণিক সিদ্ধান্তে) শট খেলতে আমি একটু পছন্দ করি। সুতরাং আমি এগুলা অনুশীলন করি বেশি।’

আক্রমণাত্মক খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন শামীম, ‘আমি যখনই ব্যাটিংয়ে যাই একটু পজিটিভ ভাবনা নিয়ে যাই সবসময়, যেটা মারার বল সেটা মেরে দেব। সুতরাং আমি যদি একটু চালু (আক্রমণাত্মক) খেলতে পারি আমার দলের জন্য অনেক ভালো। সবকিছু (সব ধরনের শট) নিয়েই অনুশীলন করা হচ্ছে। এমন না যে নির্দিষ্ট কোনো কিছু। সবকিছু নিয়েই আমাদের অনুশীলনটা করা হচ্ছে।’

দ্বিতীয় টি-টোয়েন্টিতেই সিরিজ নিশ্চিতের মতো সুযোগ ছিলে বাংলাদেশের সামনে। কিন্তু বৃষ্টিতে সেদিন কোনো খেলাই হয়নি। যা নিয়ে শামীমের ভাষ্য, ‘যেহেতু বৃষ্টির ওপর কোনো হাত নেই, এটা আসলে দুর্ভাগ্য। ওইটা নিয়ে কিছু বলারও নেই। আর ওটা নিয়ে কথা হয়নি এখনও আমাদের মধ্যে।’ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল (শনিবার) দুপুর ২টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লিটন দাস ও টম ল্যাথামের দল মুখোমুখি হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন