শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

পিএসএলের এক ম্যাচ মাঠে বসে দেখার অনুমতি পেল দর্শকরা

ক্রীড়া প্রতিবেদক

মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে পিএসএলের ম্যাচগুলো দর্শকহীন গ্যালারিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও শুরু থেকেই এমন সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। ফাইনালসহ টুর্নামেন্টের বাকি আর ৮ ম্যাচ। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধের পর কেবল ফাইনাল ম্যাচে দর্শকদের মাঠে আসার অনুমতি মিলেছে।

আজ (শনিবার) ও আগামীকাল চার ম্যাচ দিয়ে পিএসএলের লিগপর্ব শেষ হবে। এরপর কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ শেষে ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে শিরোপানির্ধারণী ফাইনাল। সেদিনই কেবল দর্শকরা স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। আজ সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি।

তিনি লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটভক্তরা, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে স্টেডিয়ামে দর্শক উপস্থিতির অনুমতি দিতে অনুরোধ করেছিলাম। তিনি নিজেও বিষয়টি নিয়ে আগ্রহী ছিলেন, তবে একইসঙ্গে জ্বালানী খরচ কমানোর লক্ষ্যে পাকিস্তানজুড়ে বর্তমান মিতব্যয়ী পদক্ষেপের ওপরও জোর দিয়েছেন। এরই মাঝে ফ্র্যাঞ্চাইজি মালিকদের অনুরোধে পিএসএল এলেভেনের ফাইনালে দর্শক উপস্থিতির অনুমতি দিয়েছেন তিনি।’

এর আগে ২৬ মার্চ থেকে শুরু হওয়া পিএসএলের ১১তম আসর ৮ দলের অংশগ্রহণে ৪৪টি ম্যাচ হওয়ার কথা ছিল পাকিস্তানের ৬টি ভেন্যুতে। অঞ্চলভিত্তিক ক্রিকেটভক্তদের মাঠে বসে আরও বেশি খেলা দেখার সুযোগ করে দেওয়ার লক্ষ্য ছিল পিসিবির। তবে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে পিএসএল কেবল লাহোর ও করাচিতে কমিয়ে আনা হয়। এমনকি সিদ্ধান্ত হয়– খেলা হবে দর্শকশূন্য মাঠে। যা নিয়ে শুরু থেকেই নিজেদের ক্ষোভ ও হতাশা জানিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিগুলো।

দর্শকশূন্য মাঠে খেলার কারণে লিগের আমেজ হারিয়ে যাওয়ার আশঙ্কায় ফ্র্যাঞ্চাইজি মালিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। লাহোর কালান্দার্সের আতিফ রানা বলেন, ‘পিএসএল পাকিস্তান ক্রিকেটের উৎসব, কিন্তু ভক্তদের ছাড়া এটি অসম্পূর্ণ।’ করাচি কিংসের মালিক সালমান ইকবাল হতাশা ব্যক্ত করে বলেন, ‘প্রতিষ্ঠাতা মালিক হিসেবে খালি স্টেডিয়াম দেখা অত্যন্ত কষ্টের। পিএসএল চলে জনগণের শক্তির ওপর, দয়া করে তাদের মাঠে ফেরার অনুমতি দিন।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন