শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

‘ফাইনাল’ জিততে ২৬৫ রানের আগে আটকাতে হবে নিউজিল্যান্ডকে

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় আজকের তৃতীয় ওয়ানডে পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ২৬৫ রানে থামে বাংলাদেশ। সিরিজ জিততে এই রানের আগেই আটকাতে হবে কিউইদের।

বাংলাদেশ আড়াই শ পূর্ণ করেছে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের জুটির ওপর ভর করে। দুজনে মিলে গড়েন ১৬০ রানের জুটি। তবে শান্ত সেঞ্চুরি পেলেও ৭৬ রানের বেশি করতে পারেননি লিটন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। চট্টগ্রামে উইকেট ব্যাটিং সহায়ক হলেও এদিন শুরুতে বেশ বিপদেই পড়েছে টাইগাররা। প্রথম ওভারেই আউট হন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। উইকেটে টিকতে পারেননি আগের ম্যাচের নায়ক তানজিদ হাসান তামিমও। ৯ রানের দ্বিতীয় উইকেট হারানোর পর বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় দলীয় ৩২ রানে।

উইকেটে সেট হয়েও টিকতে পারেননি সৌম্য সরকার। ২৬ বলে ১৮ রান করেন তিনি। এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দুজনে মিলে চতুর্থ উইকেটে গড়েন ১৬০ রানের জুটি। ১৯২ রানের মাথায় ফেরেন দারুণ ব্যাট করতে থাকা লিটন। ৯১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৭৬ রান করে আউট হন তিনি। তবে আরেক পাশে দারুণ ব্যাট করতে থাকেন শান্ত। শেষ পর্যন্ত ১১৪ বলে তুলে নেন নিজের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি।

তবে শেষদিকে রানের গতি তেমন বাড়াতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ১০৫ রান করে আউট হন শান্ত। এছাড়া তাওহিদ হৃদয় ২৯ বলে ৩৩ আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২২ রান করে আউট হন।

নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বল করেন উইল ও’রোর্ক। ৭ ওভারে ৩২ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। দুইটি করে উইকেট নেন বেন লিস্টার ও জেডন লেনক্স।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন