মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

তেল আনতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী

গেজেট প্রতিবেদন

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের এস আই জাহানুর আলি বলেন, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই তরুণ মোটরসাইকেলে তেল নিতে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছলে মাহিন্দ্র গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তারা রাস্তায় ছিটকে পরে। সে সময় সামনের দিক থেকে আসা বালিবোঝায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই কিশোর। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন