জ্বালানি সংকট নিয়ে আলোচনা করতে চাইলে সরকার লুকোচুরি করে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি জাতীয় সংকট উত্তরণে সংসদে ও সংসদের বাইরে খোলা মনে একসঙ্গে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, জ্বালানি সংকট, বিদ্যুতের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সার সংকট— এগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাইলেও তারা শুধু লুকোচুরি করে। অথচ, এগুলো এই সরকারের সৃষ্টি না, এগুলো বৈশ্বিক সমস্যার কারণে তৈরি হয়েছে। আমরা তো এগুলো বুঝি, আমরা চাই সবাই মিলে খোলা মনে এগুলোর সমাধান বের হয়ে আসুক।
জামায়াত আমির সরকারকে ভুল থেকে বেরি আসার আহ্বান জানিয়ে বলেন, প্রথমে গণভোটের গণরায় মেনে নিন। তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন, আমরা এটা বাস্তবায়নে আপনাদের সহযোগিতা করব। এরপর শাসনব্যবস্থা থেকে ফ্যাসিবাদ দূর করার জন্য যেসব অধ্যাদেশ হয়েছিল, সেগুলো একচুলও পেছনে না গিয়ে বরং সম্ভব হলে সামনে এগিয়ে তা বিল আকারে আনুন। কিন্তু জনগণের ওপর ফ্যাসিজম কায়েমের জন্য সামান্য পরিমাণ ময়লা-আবর্জনা থাকলেও তা আমরা মানব না।
তিনি সংসদে স্পিকারের একটি বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, এই সংসদের ৩০০ জন মানুষের মন যদি দেশবাসীর জন্য উন্মুক্ত ও দায়িত্বশীল হয়ে যায়, তাহলে বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ।
জামায়াত আমির বলেন, রাজনীতিতে ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’— এই স্লোগান দেওয়া হলেও কার্যত দেখতে পাই, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই চরিত্র পাল্টাতে হবে। রাজনীতিতে এই সংস্কৃতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। যেখানেই এই সংস্কৃতির চর্চা চলবে, সেখানেই আমরা জনগণকে সঙ্গে প্রতিবাদ করব।
এ সময় জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

