ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর কলেজ এলাকার একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন (১৪) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওই এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।
কিশোরী নাসিমা খাতুন উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে।
স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের ইকো ব্রিকসের পুকুরে এক কিশোরীর লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা এসে পরিচয় শনাক্ত করলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্বজনরা জানায়, বুধবার সকালে বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি সে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

