মায়োর্কার বিপক্ষে অপ্রত্যাশিত হারে লা লিগার শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে হেরেছে লস ব্লাঙ্কোসরা। শিরোপা-স্বপ্ন ধাক্কা খেলেও এই হারের সম্পূর্ণ দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন রিয়াল কোচ আলভারো আরবেলোয়া।
মায়োর্কার ঘরের মাঠে শুরু থেকেই ভুগতে দেখা যায় রিয়াল মাদ্রিদকে। ম্যাচের ৪২ মিনিটে মানু মোরলানেসের গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা। এরপর সমতায় ফিরতে মরিয়া রিয়াল গোলের দেখা পায় একদম শেষ দিকে এসে। ৮৮ মিনিটে এদের মিলিতাওয়ের গোলে সমতায় ফিরে স্বস্তির নিশ্বাস ফেলেছিল আরবেলোয়ার শিষ্যরা। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ভেদাত মুরিকির গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়োর্কা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হারের দায় নিজের কাঁধে তুলে নেন রিয়াল কোচ আরবেলোয়া। কোনো অজুহাত দাঁড় না করিয়ে তিনি বলেন, ‘এই হার আমার, সম্পূর্ণই আমার। সিদ্ধান্তগুলো আমিই নিই এবং এই পরাজয়ের জন্য সম্পূর্ণভাবে রিয়াল মাদ্রিদ কোচই দায়ী।’
দুই দিন পরই চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সেই মহারণ নিয়ে এখন থেকেই শিষ্যদের ভাবতে বলেছেন আরবেলোয়া। তিনি বলেন, ‘খেলোয়াড়দের কাছ থেকে আমার যা প্রয়োজন তা হলো, তারা যেন এখনই বায়ার্ন ম্যাচটি নিয়ে ভাবতে শুরু করে। যখন তারা ড্রেসিংরুম থেকে বের হবে, তখন তাদের শুধু বায়ার্নের কথাই ভাবতে হবে।’
লিগে আর মাত্র আটটি ম্যাচ বাকি। এই মুহূর্তে বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ে শিরোপার সমীকরণ কঠিন করে ফেলেছে রিয়াল। তবে হাল ছাড়তে নারাজ কোচ, ‘মৌসুম শুরুর চেয়ে শিরোপা জেতা এখন আরও কঠিন হয়ে উঠেছে। আমাদের হাতে আটটি ম্যাচ বাকি আছে এবং লিগের অবস্থান যাই হোক না কেন, আমি খেলোয়াড়দের বলেছি, আমাদের লক্ষ্য হলো বাকি আটটি ম্যাচেই জয়লাভ করা। আজকের চেয়ে আমাদের আরও ভালো খেলতে হবে।’
খুলনা গেজেট/এনএম

