ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। বুধবার (৪ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের বিরোধ চলে আসছিলো। বুধবার সন্ধ্যায় দুইপক্ষের সমর্থকদের বাক-বিতন্ডা হয়। এরই জেরে রাত ৮ টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ২৫ জন আহত হয়। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

