শুক্রবার । ৬ই মার্চ, ২০২৬ । ২১শে ফাল্গুন, ১৪৩২

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

গেজেট প্রতিবেদন

অনুমতি ছাড়া কোনো শিক্ষক যদি অন্য পেশায় যুক্ত থাকেন, তবে তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে এবং প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) চাঁদপুরের কচুয়া উপজেলায় নিজের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পুরো সময় ও মনোযোগ শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমে দেয়া প্রয়োজন। সরকারি বিধিমালা লঙ্ঘন করে কেউ অন্য পেশায় যুক্ত থাকলে তা শিক্ষার মান ও প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বে অবহেলা, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে গণমাধ্যম তা প্রকাশ করতে পারে। অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং শিক্ষার পরিবেশ সুরক্ষিত রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।

এই সময় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষামন্ত্রী কচুয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নিয়ে স্থানীয় সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

তাঁর এই মন্তব্য ও কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষার সংকল্পের পরিচয় দিয়েছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন