জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জেলে নেওয়ার নীলনকশা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন। পোস্টে তিনি লেখেন- বদি, আইভি সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জামিন পাচ্ছে। তাদের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। একদিকে এই গণশত্রুরা বের হচ্ছে, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের ঢোকানোর নীলনকশা চলছে।
‘সুরক্ষা অধ্যাদেশ’কে উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইকে মুছে ফেলার অপপ্রয়াসও লক্ষ করছি। যারা আজ এই ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করছেন, তারা মনে রাখবেন— এই আত্মঘাতি পদক্ষেপের পরিণতি থেকে আপনারাও রেহাই পাবেন না; অচিরেই আপনারা নিজেরাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নাটকীয় রদবদলের পরপরই সরকার-ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়ন্ত্রনাধীন প্রতিষ্ঠানকে অন্যায্য সুবিধা দেওয়া শুরু হয়েছে।
গণভোট ও জুলাই সনদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরনো কায়দায় দলীয়করণ ও রাজনৈতিক পরিচয়ে সুবিধালাভের সংস্কৃতির প্রত্যাবর্তন পরিবর্তনকামী মানুষের রায়কে উপেক্ষা করার নামান্তর।
যদি এভাবে চলতেই থাকে, তবে জাতির ভাগ্যে দাসত্ব ছাড়া আর কিছুই জুটবে না। সময়ের এই সন্ধিক্ষণে শুভ বুদ্ধির উদয় হওয়া জরুরি; নতুবা ইতিহাসের কাঠগড়ায় কেউই রেহাই পাবেন না।
খুলনা গেজেট/এএজে

