শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

আলুক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে শিশু আহত

গেজেট প্রতিবেদন

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে আলুক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে মোস্তাকিম নামে আট বছরের এক শিশুর হাতের আঙুল বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুর বাবা আল আমিন বলেন, ‘দুপুরে আমাদের অজ্ঞাতসারে খেলতে খেলতে মোস্তাকিম আলুক্ষেতের দিকে যায়।

এরপর হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে গেলে দেখি চারদিকে রক্ত আর আমার ছেলে পড়ে আছে। এ সময় পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাই। পরে দ্রুত কাপড় দিয়ে হাত-পা পেঁচিয়ে হাসপাতালে নিয়ে আসি।’

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান বলেন, ‘বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সব কয়টি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে।

আঘাত লেগেছে ডান পায়েও। বিকেল ৪টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়েছি। আহত মোস্তাকিম মুন্সীকান্দি এলাকার আল আমিনের ছেলে।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন