বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

গেজেট প্রতিবেদন

একুশে পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিয়েছেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সন্মাননা পদক গ্রহণ করতে গিয়ে পকেট থেকে লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি।

এ সময় হাস্যজ্জোল প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে তা গ্রহণ করেন। এ সময় শফিক রেহমানকে ধন্যবাদ ও অভিবাদন জানান প্রধানমন্ত্রী।

দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন গুণী ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে একুশে পদকে ভূষিত করা হয়েছে। গুণীজনদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক গ্রহণ করেন- চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এ বছর সংগীত দল হিসেবে একুশে পদক তুলে দেওয়া হয় ব্যান্ড ওয়ারফেজকে।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে শফিক রেহমানের উপস্থাপনায় শুরু হয় তথ্যবহুল ও বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান লাল গোলাপ। তখন এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন