সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামে নির্বাচন-পরবর্তী বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ সাতজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সিয়াম হোসেন (১৩), সুলতান মাহমুদ (৩২), সবুরা খাতুন (২৬), রহিম হোসেন (৩০), আব্দুল গফুর (৩২), মোছা. মোস্তারিন পারভীন (৩০) ও রেহেনা খাতুন (২০)। তাদের প্রথমে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে পাঁচজনকে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ভোটের দিন নির্দিষ্ট প্রার্থীকে সমর্থন না করায় বিরোধের জেরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিন উদ্দিনের নেতৃত্বে ৭-৮ জন কয়েকটি বাড়িতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে নারীসহ সাতজন গুরুতর আহত হন।
তবে আমিন উদ্দিন অভিযোগ অস্বীকার করেন।
তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফসার আলী জানান, উভয় পক্ষই রাজনীতির সঙ্গে যুক্ত। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে।
তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে। থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যতদূর শুনেছি স্থানীয়ভাবে উভয়পক্ষ মীমাংসা করে নেওয়ায় শেষ পর্যন্ত থানায় আসিনি।
খুলনা গেজেট/এমএনএস

