শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভোটের অনুপাতে উচ্চকক্ষ ১০০ আসন নির্ধারণের রায় দিয়েছে জনগণ: ১১ দলীয় জোট

গেজেট প্রতিবেদন

ভোটের অনুপাতে উচ্চকক্ষের ১০০ আসন নির্ধারণের পক্ষে জনগণ রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, যেহেতু ‘হ্যাঁ’ বিপুল ভোটে জয়ী হয়েছে, সেহেতু নোট অব ডিসেন্টের কোনও মূল্য নেই। কেউ যদি এমন উদ্যোগ নেয়, তাহলে তা জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল হবে। তিনি এ ধরনের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, হামলা ও সহিংসতা চলমান থাকলে রাজপথে নামতে হবে। রাজনৈতিকভাবে এর মোকাবিলা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জোটের মুখপাত্র জানান, দেশের স্বার্থে ১১ দলীয় জোট সংসদের ভেতরে ও বাইরে যৌথভাবে কাজ করে যাবে। দেশের স্বার্থে সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যেসব বিষয়ের সুরাহা হবে না সেসব রাজনৈতিক ভাবে লড়বে ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, যেসব আসনে স্বল্প ব্যবধানে পরাজয় হয়েছে, সেগুলোতে পুনর্গণনার দাবি জানানো হলেও নির্বাচন কমিশন তা আমলে নেয়নি। বরং তড়িঘড়ি করে রাতের মধ্যেই গেজেট প্রকাশ করা হয়েছে। এসব আসনে ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে রিট করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন