সোমবার । ২৩শে মার্চ, ২০২৬ । ৯ই চৈত্র, ১৪৩২

একটানা হেরেই চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স

ক্রীড়া প্রতি‌বেদক

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দলগুলো শক্তিমত্তার দিক থেকে কাছাকাছি হয়ে থাকে। তাই এখানে প্রতিদ্বন্দ্বিতাও হয় উপভোগ্য। তবে সবসময় তো আর ভাগ্য পক্ষে থাকে না! তাই ক্রমাগত ব্যর্থতার নজিরও আছে।

বাবররা একে একে প্রথম ৮ ম্যাচ হেরেছিলেন, পিএসএলের এবারের আসরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার যেমন টানা হেরে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৫ বার আইপিএলের শ্রেষ্ঠত্ব অর্জন করা দলটি এবারের আসরে এখন পর্যন্ত খেলেছে ৮টি ম্যাচ, হেরেছে সবগুলো ম্যাচেই। আইপিএলের ইতিহাসে মুম্বাই-ই প্রথম এবং একমাত্র দল, যারা প্রথম ৮ ম্যাচের সবগুলোই হেরেছে।

তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমন দৃশ্য নতুন নয়। রোহিত শর্মার দল এবার যে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছে, একই অভিজ্ঞতা হয়েছিল বাবর আজমের করাচি কিংসের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এ বছর বাবরের নেতৃত্বাধীন করাচি কিংস হেরেছিল টানা ৮ ম্যাচ!

বলা বাহুল্য, রোহিতের মুম্বাইয়ের মত বাবরের করাচিও টুর্নামেন্টে অংশ নিয়েছিল হট ফেভারিট হিসেবে।

করাচি টানা ৮ ম্যাচে পরাজয় বরণ করে যথাক্রমে মুলতান সুলতান্স, কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড, পেশোয়ার জালমি, ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান্সের কাছে। নিজেদের ৯ম ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে আসরের প্রথম জয়ের দেখা পান বাবররা।

রোহিতরা এখন পর্যন্ত ক্রমানুযায়ী হেরেছেন দিল্লী ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস ও আবারও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে। বাবরের মত ৯ম ম্যাচে হারের বৃত্ত ভাঙতে পারেন কি না রোহিত, তা-ই এখন দেখার বিষয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন