কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

গেজেট প্রতিবেদন

কওমি-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। দলটির মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কওমি মাদ্রাসার শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন যোগ দেওয়া নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত ও বরণ করে নেন জামায়াতের নেতারা। পরে নতুন যোগদানকারীদের কয়েকজন সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির নেতাকর্মীদের উদ্দেশে দৃঢ় বার্তা দেন। তিনি বলেন, কোনো বাতিলের সঙ্গে আপস করব না, কারও কাছে মাথানত করব না। চলার পথে বাধা আসবে, জীবন দেওয়ার সময় আসবে। ইনশাআল্লাহ, এ দেশে কোরআনের আইন কায়েম হবে। আজকে যেমন এক ছাদের নিচে আছি, পরকালে আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে এক ছাদের নিচে রাখেন।

যুব সমাজের ভূমিকার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, যুগে যুগে যুব সমাজের ওপর ভর করেই আল্লাহর দ্বীন কায়েম হয়েছে। আল্লাহ যতদিন হায়াত দেবেন, ততদিন উদ্যমের সঙ্গে কাজ করে যেতে হবে।

এ সময় ধর্মের ভিত্তিতে সমাজকে কোনোভাবেই বিভাজনের দিকে ঠেলে দেওয়া হবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা জামায়াতে ইসলামীকে আরও সুসংহত ও শক্তিশালী করার পাশাপাশি দেশ ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন