ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান। তিনি এত দিন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র ছিলেন। প্রায় ১৮ বছর ধরে মহাসচিবের দায়িত্ব পালন করা মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে মজলিশে শুরার বিশেষ অধিবেশনে গাজী আতাউর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়।
অধিবেশন শেষে বিকেল সাড়ে ৪টার দিকে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এদিকে মজলিসে শুরার বৈঠকে দলে আরও কিছু পরিবর্তন আনা হয়।
দলীয় সূত্রগুলো জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে দলীয় পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কমিটি পুনর্গঠন করা হয়েছে। যদিও কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা।
দলের গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর। সবশেষ ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রেসিডিয়াম, উপদেষ্টা পরিষদ ও মজলিশে আমেলা পুনর্গঠন করা হয়েছিল। সে হিসাবে বর্তমান কমিটির মেয়াদ আছে ছয় মাস। তবে দলের গঠনতন্ত্রের ১১ ধারায় আমিরকে নির্ধারিত সময়ের আগেই কমিটি পুনর্গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে।

