ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল থেকে ধানমন্ডি-৩২ এলাকায় সাংবাদিকের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী। একই ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটি।
ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও প্রচার সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ধানমন্ডি জোনের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিলে অনাকাঙ্ক্ষিতভাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
এতে দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতায় কখনো বাধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না।
ধানমন্ডিতে অনাকাঙ্ক্ষিতভাবে সাংবাদিকদের ওপর হামলার যেই ঘটনা ঘটেছে ঐ ঘটনার সাথে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, জামায়াতের প্রোগ্রামে গুপ্তচর কেউ এমন ঘটনা ঘটিয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকালের মধ্যে গঠিত কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচারে সম্পাদক আবদুস সাত্তার সুমন তাৎক্ষণিক আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক খোঁজ-খবর নিতে ছুটে যান। তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের ধৈর্য রাখার অনুরোধ করেন।
খুলনা গেজেট/এএজে

