শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

হাসনাতের আসনে পুনঃভোট চাইলেন ট্রাক প্রতীকের জসিম

গেজেট প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে কুমিল্লা চার দেবিদ্বার আসনের বিএনপি জোট ও গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন ভোট বাতিল ও পুনঃভোটের দাবি জানিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তোলেন।

জসিম উদ্দিন বলেন, প্রতিদ্বন্দ্বী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সমর্থকরা ভোটের আগে ও ভোটের দিন নানা অনিয়ম ভয়ভীতি ও কারচুপির মাধ্যমে ফলাফল প্রভাবিত করেছেন। সুবিল ও মোহনপুর ইউনিয়নে অবৈধ অর্থ বিতরণের সময় স্থানীয় জনতার হাতে আটক হওয়ার ঘটনাও ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনুসারীরা বিভিন্ন ইউনিয়নে জামায়াতের ক্যাডারদের সঙ্গে নিয়ে অস্ত্রের মহড়া দেয়। গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামে অস্ত্রসহ সোহেল রানা, আলমগীরসহ আটজন আটক হওয়ার ঘটনাও ঘটে।

জসিম উদ্দিনের ভাষ্য, কিছু প্রিজাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করে প্রতি কেন্দ্রে আগেই বিপুলসংখ্যক ব্যালটে সিল মেরে রাখা হয় এবং ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে সেগুলো ব্যালট বাক্সে ঢোকানো হয়।

তিনি বলেন, এসব অনিয়মের প্রতিবাদে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। বিএনপি সমর্থিত প্রার্থী হওয়া সত্ত্বেও নিজ কেন্দ্রে তাকে পরাজিত দেখানো হয়েছে বলেও দাবি করেন তিনি। এমনকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নিজ কেন্দ্র গোপালনগরে তার কোনো ভোটই দেখানো হয়নি বলেও অভিযোগ করেন, যাকে তিনি হাস্যকর ও অবিশ্বাস্য বলে মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের ১ নং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেন বেগ, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আবু তাহের মজুমদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

দেশবাসী ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জসিম উদ্দিন বলেন, এই প্রহসনের নির্বাচন বাতিল করে ভয়ভীতিহীন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পুনঃভোটের আয়োজন করতে হবে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন