শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

৫ আগস্ট পূর্ববর্তী সময়ে যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতির মধ্যে আছি: আসিফ মাহমুদ

গেজেট প্রতিবেদন

৫ আগস্টের আগের সময়ের মতোই এক অনিশ্চিত ও শঙ্কাজনক পরিস্থিতির মধ্যে দেশ রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৫ আগস্টের আগে আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম, এখনও প্রায় একই অবস্থার মুখোমুখি হচ্ছি। তখন যেমন শঙ্কা ছিল— মিডিয়ায় কথা বললে তা প্রচার হবে কি না, কোথাও অনিয়ম, হামলা বা গুলি করে হত্যার ঘটনা ঘটলেও তা সংবাদমাধ্যমে আসবে কি না— এখনও তেমন একটি বাস্তবতা আমরা দেখছি।

তিনি বলেন, মূলধারার গণমাধ্যম সহযোগিতা না করলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নিজেদের যতটুকু সক্ষমতা আছে, তা ব্যবহার করে দেশবাসীর সামনে অনিয়মগুলো তুলে ধরতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে অনেক সহযোদ্ধা জীবন দিয়েছেন উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, এই গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের আবার মাঠে নামতে হবে, আবার লড়াই করতে হবে।

সংবাদ সম্মেলনে তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, আপনাদের যার বাড়ির আশেপাশে যে কেন্দ্র আছে, সেই কেন্দ্র পাহারা দেয়া এবং আজকের রাতটি নিরাপদে কাটছে কি না, তা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব।

তিনি বলেন, বিভিন্ন স্থানে কেন্দ্র দখল করা নিয়ে এক ধরনের প্রচেষ্টা চলছে। অনেকগুলো জায়গাতেই আমাদের নিউজ আসছে, অনেক জায়গায় হয়তো আসতেও পারছে না। কারণ আমরা দেখছি যে, অনেক জায়গায় নিউজ ব্লক করা হচ্ছে। আর নির্বাচনের প্রথম প্রহর শুরু হওয়ার আগেই এই বিষয়গুলো শুরু হয়ে গেছে। নির্বাচনের দায়িত্বে আছেন প্রায় ৯ লাখেরও বেশি সদস্য, আপনারা এখন থেকেই খুবই সক্রিয়তার সঙ্গে মাঠে থেকে প্রত্যেকটি কেন্দ্র পাহারা দেয়ার জন্য আমাদের আহ্বান থাকবে।

তিনি আরও বলেন, আজকে রাতে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের চেষ্টা করে, হামলা করে যে প্যানিক সৃষ্টি করল বিএনপির পক্ষ থেকে, সেই আতঙ্ক থেকে কেউ আবার ভোটকেন্দ্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত না হয় সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের জনগণের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে যে, অবশ্যই আপনাদের ভোট দিতে হবে, যে কোনো পরিস্থিতিতে আপনাদের ভোট দিতে হবে। কোনো ঝামেলা চলছে বা রাতে ঝামেলা চলছে এ কথা মাথায় রেখে যদি কেউ ভোট না দিতে চান তাহলে আর পরিবর্তন আসবে না। তাহলে যা কিছু আগের মতো ছিল, আবার আমরা আগের বাংলাদেশের দিকে ফিরে যাচ্ছি এবং এর ভয়ানক রূপ সম্পর্কে আমরা সবাই অবগত।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন