শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না: হাসনাত

গেজেট প্রতিবেদন

আপনারা যারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকে বলতে চাই আপনারা যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করেন তাহলে আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জে ৬ আসনে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী এনসিপির এস এম সাইফ মোস্তাফিজের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এবারের নির্বাচন কেবলমাত্র একটি নির্বাচন নয়, আগামী একশ’ বছর বাংলাদেশ কোন পথে যাবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ, বিচার বিভাগের আচরণ কেমন হবে, এ দেশের খেটে খাওয়া কৃষক, শ্রমিকের সন্তানরা মেধাযুক্ত কোঠায় চাকুরী পাবে কিনা সেটা নির্ধারণ হবে এ ভোটের মাধ্যমে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মদের ঘরে বসে থাকার সময় নাই। আমাদের এবার ডু অর ডাই এর বিষয়, এবার যদি বাংলাদেশটা পিছিয়ে যায় তাহলে একশো বছরের জন্য পিছিয়ে যাবে। আমাদের শপথ করতে হবে আমরা জয় না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আপনারা যারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকে বলতে চাই আপনারা যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করেন আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না।

জনসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জ- ৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় ঐক্য জোট মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন