বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

চুইংগাম চিবোলেই কি মুখের ফ্যাট কমে যায়? জানালেন বিশেষজ্ঞ

লাইফস্টাইল ডেস্ক

অনেকেই মনে করেন, চুইংগাম চিবানো মুখের জন্য এক ধরনের ব্যায়াম। এতে নাকি মুখের অতিরিক্ত মেদ কমে, চোয়াল আরও স্পষ্ট দেখায়। এই ধারণা থেকেই অনেক তরুণ-তরুণী ঘণ্টার পর ঘণ্টা চুইংগাম চিবিয়ে থাকেন। কিন্তু সত্যিই কি এতে মুখ চিকন হয়? সম্প্রতি ইনস্টাগ্রামে এ বিষয়ে কথা বলেছেন অর্থোপেডিক সার্জন ও ইন্টিগ্রেটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. কিরণ শেটে। তার মতে, চুইংগাম অতিরিক্ত চিবানোর প্রভাব মুখের মেদে নয়, বরং চোয়ালের জয়েন্ট ও পেশিতে পড়ে।

চোয়ালের ওপর বাড়তি চাপ
ডা. শেটে জানান, আমাদের চোয়ালের দুই পাশে কান সংলগ্ন স্থানে থাকে টেম্পোরোম্যান্ডিবুলার (টিএম) জয়েন্ট। এই জয়েন্টের সাহায্যেই আমরা কথা বলি, খাবার চিবাই এবং মুখ নাড়াতে পারি। মাঝে মাঝে চুইংগাম চিবালে সাধারণত সমস্যা হয় না। তবে দীর্ঘ সময় ধরে চিবাতে থাকলে চোয়ালের জয়েন্ট ও পেশির ওপর বারবার চাপ পড়ে। একসময় এটি ‘রিপিটিটিভ স্ট্রেস ইনজুরি’-র মতো সমস্যার সৃষ্টি করতে পারে।

যে সমস্যাগুলো দেখা দিতে পারে: অতিরিক্ত চুইংগাম চিবানোর ফলে—
চোয়ালে ক্লিক বা টিকটিক শব্দ হতে পারে
জয়েন্টে শক্তভাব বা অস্বস্তি দেখা দিতে পারে
কানের পাশ বা কপালে মাথাব্যথা হতে পারে
খাবার চিবানোর সময় ব্যথা অনুভূত হতে পারে

চুইংগাম কি মুখের মেদ কমায় না?
এ প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞের বক্তব্য স্পষ্ট। চুইংগাম চিবালে চোয়ালের পেশি কিছুটা শক্তিশালী হতে পারে, কিন্তু এতে মুখের মেদ কমে না। ডা. শেটে জানান, শরীরের কোনো নির্দিষ্ট অংশের মেদ শুধু সেই অংশ নাড়াচাড়া করে কমানো যায় না। অর্থাৎ চুইংগাম চিবিয়ে মুখের চর্বি ঝরানোর ধারণার বৈজ্ঞানিক ভিত্তি নেই।

বিশেষজ্ঞের পরামর্শ, চোয়ালের জয়েন্টেরও বিশ্রাম প্রয়োজন। তাই মাঝে মাঝে চুইংগাম খাওয়া সমস্যা না হলেও ঘণ্টার পর ঘণ্টা চিবানোর অভ্যাস এড়িয়ে চলাই ভালো। চুইংগাম মুখকে চিকন করে বা দ্রুত আকর্ষণীয় জওলাইন তৈরি করে এমন ধারণা বাস্তবসম্মত নয়। বরং অতিরিক্ত চিবানোর ফলে চোয়ালের জয়েন্টে ব্যথা ও নানা ধরনের অস্বস্তি দেখা দিতে পারে। তাই সৌন্দর্যের জন্য নয়, সীমিত পরিমাণে এবং প্রয়োজনমতোই চুইংগাম খাওয়া উচিত।

সূত্র: হিন্দুস্তান টাইমস

খুলনা গেজেট/রুএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন