গরমের দিনে শরীর ঠান্ডা রাখা খুব জরুরি। তীব্র রোদ আর ঘাম ঝরানো আবহাওয়ায় এক গ্লাস ঠান্ডা কাঁচা আমের শরবত এনে দিতে পারে দারুণ স্বস্তি। টক-মিষ্টি স্বাদের এই পানীয় শুধু রিফ্রেশিংই নয়, শরীরকে সতেজ রাখতেও সাহায্য করে। খুব সহজ উপায়ে ঘরেই বানিয়ে নিতে পারেন এই জনপ্রিয় শরবত।
উপকরণ
কাঁচা আম ২টি
চিনি (আধা কাপ বা স্বাদমতো)
লবণ এক চিমটি
বিট লবণ আধা চা চামচ
ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ
পানি ৩ থেকে ৪ কাপ
বরফ কুচি প্রয়োজনমতো
পুদিনা পাতা সামান্য
যেভাবে বানাবেন
প্রথমে কাঁচা আম ভালোভাবে ধুয়ে নিন। এরপর খোসাসহ সেদ্ধ করে নিন বা চাইলে আগুনে পুড়িয়ে নরম করে নিতে পারেন।
আম ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে শাঁস বের করে নিন। একটি বাটিতে শাঁস ভালোভাবে চটকে নিন। এবার এতে চিনি, লবণ, বিট লবণ ও ভাজা জিরা গুঁড়া মিশিয়ে নিন। এরপর পানি দিয়ে ভালোভাবে নেড়ে শরবত তৈরি করুন।
শেষে বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন। ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করলে স্বাদ আরও ভালো লাগে। চাইলে লেবুর রস অল্প যোগ করলে বাড়তি ফ্লেভার পাওয়া যায়।
টিপস
কাঁচা আম পুড়িয়ে নিলে শরবতে আলাদা স্মোকি স্বাদ আসে
চিনি নিজের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন
গরমে শরীরের লবণের ঘাটতি পূরণে বিট লবণ ব্যবহার করা ভালো
এই সহজ রেসিপি মেনে চললে খুব দ্রুতই তৈরি করতে পারবেন মজাদার কাঁচা আমের শরবত, যা গরমে আপনাকে দেবে তাৎক্ষণিক প্রশান্তি।
খুলনা গেজেট/এনএম

