শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

এই গরমে শসা দিয়ে বানিয়ে ফেলুন নানা পদের মজাদার সালাদ

লাইফস্টাইল ডেস্ক

আর সালাদ মানেই শুধু শসা, টমেটো কিংবা পেঁয়াজ কেটে থালায় সাজিয়ে দেওয়া নয়। সালাদ নানা রকমের হয়ে থাকে। শসা দিয়েও যদি সালাদ বানাতে হয়, তাহলে এর সঙ্গে আরও রকমারি জিনিস মেশানো যায়। শসা দিয়ে খুব সহজেই পুষ্টিকর ও সুস্বাদু সালাদ তৈরি করা যায়।

সালাদ মানেই শুধু শসা, পেঁয়াজ আর টমেটো নয়। সালাদ নানা রকমভাবে বানানো যায়। বাঙালি বাড়িতেও আজকাল ভিন্ন রকম সালাদ তৈরি হচ্ছে। কারণ এখনকার সময়ে প্রায় সবাই স্বাস্থ্য সচেতন। তেলমসলা দেওয়া খাবারের বদলে স্বাস্থ্যকর সালাদ বেছে নিচ্ছেন অনেকেই। বিশেষ করে অফিসের টিফিনে।

সকালের তাড়াহুড়োয় টিফিনের জন্য আলাদা করে বেশি পরিশ্রম করতে ইচ্ছা হয় না। চটজলদি বানানো যাবে— এমন রেসিপিরই খোঁজ চলে। আর এখন গ্যাসের দাম নিয়ে যেভাবে হইচই হচ্ছে, তাতে গ্যাসের খরচ বাঁচিয়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর কী খাবার বানানো যায়, তা নিয়ে ইন্টারনেটে বিস্তর খোঁজাখুঁজি চলছে। গরমের সময়ে পেট ঠান্ডা রাখবে ও স্বাস্থ্যকর হবে— এমন টিফিন যদি বানাতে চান, তাহলে শসার সালাদই তৈরি করে নিতে পারেন। তবে গতানুগতিক পদ্ধতিতে নয়।

যেমন টকদই, লেবুর রস, ভিনেগার, চিলি ফ্লেক্স বা এশিয়ান স্টাইলে তিলের তেল দিয়ে সালাদ। এর মধ্যে স্বাস্থ্যকর কিছু সালাদ হলো— দই-পুদিনাপাতার সঙ্গে শসার সালাদ, চাইনিজ স্টাইল স্পাইসি সালাদ এবং এশিয়ান স্টাইল ভিনেগার সালাদ। এগুলো শরীর ঠান্ডা রাখতে এবং ওজন কমাতে সাহায্য করে।

চলুন জেনে নেওয়া যাক, শসা দিয়ে নানা রকম সালাদ যেভাবে তৈরি করবেন—

শসা-দই সালাদ
শসা, টমেটো ও ক্যাপসিকাম কেটে নিন। এর সঙ্গে গাজর ও বিনও মিশিয়ে নিন। এরপর সবজি হালকা ভাপিয়ে নিন। তারপর গোল গোল করে কাটা শসা মিশিয়ে দইয়ের ড্রেসিং ঢেলে দিন। বাজারচলতি ড্রেসিংয়ের চেয়ে ঢের বেশি ভালো বাড়িতে তৈরি দইয়ের ড্রেসিং। প্যানে সামান্য তেল গরম করে তাতে সরষে ফোড়ন দিন। এবার কারিপাতা, পেঁয়াজ কুচি, লংকা কুচি দিয়ে নেড়ে তা ফেটানো দইয়ের সঙ্গে মিশিয়ে দিন। এরপর ড্রেসিং ঢেলে দিন সবজি ও শসার ওপরে। অনেকক্ষণ পেটভর্তি রাখবে এই সালাদ। আর দই থাকার কারণে পেটের সমস্যাও কমে যাবে।

শসা ও পিনাট বাটার সালাদ
লম্বা ফালি ফালি করে কাটা শসার সঙ্গে স্প্রিং অনিয়ন মিশিয়ে নিন। এরপর ড্রেসিং হিসেবে ১ চামচ পিনাট বাটার, ১ চামচ ভিনিগার, সয়াসস ও গোলমরিচ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার ড্রেসিং সালাদে মিশিয়ে দিন।

শসা-ভুট্টার সালাদ
কুচনো শসা, সেদ্ধ করা মিষ্টি ভুট্টার দানা, পেঁয়াজ কুচি, লংকা কুচি মিশিয়ে নিন। সালাদে স্বাদ বদলের জন্য কাঠবাদাম, সূর্যমুখীর বীজও মিশিয়ে নিতে পারেন।

থাই ক্রাঞ্চি শসার সালাদ
টক-ঝাল ও মিষ্টি স্বাদের সালাদ থাই ক্রাঞ্চি। গোল গোল করে কাটা শসা, লাল বা হলুদ বেল পেপার ভাজা চিনাবাদম ও খানিকটা ধনেপাতা নিয়ে নিন। এবার আগে চিনাবাদাম ভেজে নিন। এরপর শসা, ক্যাপশিকাম গোল গোল করে কেটে নিন। তার ওপরে ভাজা চিনাবাদাম, ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ড্রেসিংয়ের জন্য লেবুর রস, মধু, সামান্য চিলি ফ্লেক্স ও সয়াসস ব্যবহার করতে পারেন।

প্রোটিন সমৃদ্ধ সালাদ
শসা কিউব করে কেটে নিন। এর সঙ্গে টমেটো, পেঁয়াজও কেটে নিন। কালো অলিভ থাকলে ভালো হয়। এ সালাদ বানাতে পনির বা চিজ নিতে পারেন। যারা চিজ খেতে চান না, তারা পনির কিউব করে কেটে সামান্য মাখনে ভেজে নিতে পারেন। অথবা না ভেজেও ব্যবহার করতে পারেন। সবজি কেটে নিয়ে ওপরে অলিভ, ভাজা পনির ও সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এবার ড্রেসিংয়ের পালা। সে জন্য অলিভ অয়েল, লেবর রস ও অরগানো ব্যবহার করতে পারেন। ড্রেসিং যারা চান না, তারা শুধু লবণ, লেবুর রস ও গোলমরিচ ছড়িয়ে দিয়েও খেতে পারেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন