ঈদ মানেই যেমন আনন্দ, উৎসব ও মিলনমেলা, একইসঙ্গে ঈদ হচ্ছে বাহারি পদের খাবার খাওয়ার আয়োজন। রীতিগতভাবে বাংলাদেশে ঈদের দিন প্রতিটি মানুষ তাদের সাধ্যমত বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করে থাকেন। ক্ষীর-পায়েস, পোলাও, জর্দা, কোরমা, খিচুড়ি, সেমাই, রোস্ট-সহ আরও নানা পদ থাকে।
ঈদের দিন যত পদের খাবারই থাকুক না কেন, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে রোস্ট ছাড়া কারও কারও চলেই না। এই রোস্ট যদি হয় শাহী চিকেন, তাহলে তো কথাই নেই। স্বাদ যেন কয়েকগুণ বেড়ে যায়। জেনে নিন রেসিপি-
উপকরণ:
মুরগি ২টি (৮– টুকরা), পেঁয়াজ বাটা ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, দই ½ কাপ, কাজু বাদাম বাটা ৩ টেবিল চামচ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা (ঐচ্ছিক), টমেটো সস ২ টেবিল চামচ, রোস্টের মশলা গুঁড়া ২ চা চামচ এবং সমপরিমাণ দারুচিনি, এলাচ এবং সামান্য জয়ত্রী ও জয়ফল একত্রে টেলে গুঁড়া করে মশলা বানিয়ে নিতে হবে। এছাড়াও দারুচিনি, এলাচ, আস্ত ২–৩টি করে, তেজপাতা ২টি, কেওড়া জল ১ চা চামচ, চিনি ১ চা চামচ, লবণ স্বাদমত, বেরেস্তা ১/২ কাপ, তরল দুধ ১ কাপ, ঘি বা তেল – ½ কাপ, কাঁচা মরিচ ৪–৫টি ও পরিমাণমত পানি।
রান্নার প্রক্রিয়া:
মুরগির সঙ্গে লবণ, সামান্য মরিচ গুঁড়া ও ২ চামচ ভিনেগার মিশিয়ে মাংস হালকা করে ভেজে রেখে দিতে হবে। কড়াইয়ে তেল গরম করে দারুচিনি, এলাচ ও তেজপাতা দিন। তারপর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে আদা-রসুন বাটা ও টক দই, বাদাম বাটা, রোস্টের মশলা সবকিছু দিয়ে মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিতে হবে।
মশলা কষানো হলে এখন ভেজে রাখা মাংসগুলো তাতে দিয়ে সুন্দর করে কষাতে থাকুন। মাংস থেকে যখন তেল উঠে আসবে, এ পর্যায়ে তরল দুধ যোগ করতে হবে এক কাপ। এখন ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখুন। ঢাকনা উঠিয়ে বেরেস্তা দিয়ে সামান্য চিনি যোগ করুন। নামানোর আগে ঘি ও ২ ফোটা কেওড়া জল দিতে হবে। এবার সার্ভিং ট্রেতে সুন্দর করে সাজিয়ে ওপরে বেরেস্তা দিয়ে পছন্দের খাবারের সঙ্গে পরিবেশন করুন শাহী চিকেন রোস্ট।
খুলনা গেজেট/এনএম

