রবিবার । ৭ই জুন, ২০২৬ । ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩
প্যাকেটে অগ্রিম উৎপাদনের তারিখ

শ্যামনগরের মিড-ডে মিলের ২৯ হাজার পিস বনরুটি ভর্তি কাভার্ড ভ্যান আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার উন্নয়ন সংগঠন সুশিলনের বাস্তবায়নে শ্যামনগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড-ডে মিলের জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অগ্রিম উৎপাদনের তারিখের বনরুটি ভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করেছে সদর থানা পুলিশ। শ্যামনগরে নেওয়ার পথে গত শুক্রবার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে এই কাভার্ড ভ্যানটি আটক করে।

স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে খাবারবাহী কাভার্ড ভ্যানটি আটক করা হলে পরে পুলিশ তা জব্দ করে থানা হেফাজতে নেয়।

জানা গেছে, সাতক্ষীরার উন্নয়ন সংগঠন সুশিলনের বাস্তবায়নে শ্যামনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিলের খাবার সরবরাহ করা হয়। মিড-ডে মিলের এই খাবার হিসেবে বিপুল পরিমাণ বনরুটি ভর্তি একটি কাভার্ড ভ্যানে করে শ্যামনগরে নিয়ে যাচ্ছিল। প্রতিমধ্যে শুক্রবার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট এলাকায় স্থানীয় জনতা কাভার্ড ভ্যানটি আটক করে। এ সময় স্থানীয় কয়েকজন বনরুটির প্যাকেটের গায়ে উল্লেখিত উৎপাদনের তারিখ দেখে সন্দেহ প্রকাশ করেন। বনরুটির প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ লেখা রয়েছে ০৬/০৬/২০২৬। অথচ জনতা গাড়িটি আটক করে ৫ জুন রাতে। পরে তারা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পরে বনরুটির প্যাকেট পরীক্ষা করে দেখা যায়, গাড়িটি আটক হওয়ার দিন ৫ জুন হলেও অধিকাংশ প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ লেখা রয়েছে ‘৬ জুন ২০২৬’। অর্থাৎ একদিন পরের তারিখ ব্যবহার করে পণ্য সরবরাহের চেষ্টা করা হচ্ছিল।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমাণ বনরুটি ভর্তি একটি গাড়ি পাই। খোঁজ নিয়ে জানতে পারি, এগুলো শ্যামনগরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা হচ্ছিল। কিন্তু বনরুটির প্যাকেটে পরদিনের উৎপাদন তারিখ ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’

তিনি আরও জানান, ‘একটি ক্যাশ মেমো উদ্ধার করা হয়েছে, যেখানে প্রায় ২৯ হাজার পিস বনরুটির হিসেব পাওয়া গেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ গাড়িটি জব্দ করে এবং চালক ও হেলপারকে আটক করে থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান, বনরুটিগুলো এখনো কোনো বিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেনি। ফলে নিয়ম অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপরই সম্পূর্ণ দায়ভার বর্তাবে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান জানান, ‘বনরুটি ভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করে থানায় রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশনা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন