ব্যাংক দখলকারীরাই পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিশানা করে থাকে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ব্যাংকিং খাত অর্থনীতির রক্ত প্রবাহের উৎস। এটিকে সংস্কার ও মেরামত ছাড়া টেকসই অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। তাই ব্যাংকিং ব্যবস্থাকে সুরক্ষিত করতে সরকার সংস্কারের পরিকল্পনা করছে।
রবিবার (৭ জুন) ঢাকার পল্টনে ইআরএফ ভবনে ‘ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ব্যাংকিং খাতে প্রকৃত পরিবর্তন আনতে হলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অনিয়মের সুযোগ বন্ধ করতে হবে জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় সুশাসনের যে ঘাটতি রয়েছে, ব্যাংকিং খাতে তার প্রতিফলন দেখা যায়। ব্যাংক দখলকারীরাই পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিশানা করে থাকে। খেলাপি ঋণের চিত্রই বলে দেয় কারা প্রকৃত উদ্যোক্তা, আর কারা প্রতারক। দেশের অর্থনীতির রক্তপ্রবাহ হিসেবে ব্যাংক খাতকে সুশাসনের আওতায় আনার পাশাপাশি পুঁজিবাজারকেও শক্তিশালী করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ হলো তথ্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা। যেখানে তথ্য থাকবে, সেখানেই সাংবাদিকদের প্রবেশাধিকার থাকা উচিত। তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির নানা তথ্য জনগণের সামনে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমই কার্যত একমাত্র কার্যকর পাহাদারের ভূমিকা পালন করছে। মানুষ ব্যাংকিং খাতের নানা অনিয়ম, দুর্নীতি ও বাস্তব চিত্র সম্পর্কে যতটুকু জেনেছে, তার বড় অংশই আপনাদের মাধ্যমে জেনেছে।’
সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ, বিআইবিএমের মহাপরিচালক এজাজুল ইসলাম। সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।

