রবিবার । ৩১শে মে, ২০২৬ । ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

তিন মাসের জন্য বন্ধ হচ্ছে সুন্দরবনের দুয়ার

শ্যামনগর প্রতিনিধি

সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আজ সোমবার (১ জুন) থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় জেলে, বাওয়ালী, মৌয়ালী এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না।

বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময়ে নদী-খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘ্ন রাখতে প্রতিবছরের মতো এবারও তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পাস-পারমিট ইস্যু করা হবে না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বন কর্মকর্তারা বলছেন, পর্যটক ও বনজীবীদের নৌযান চলাচলের কারণে বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ ও প্রজনন ব্যাহত হয়। তিন মাস বনকে নিরবচ্ছিন্ন পরিবেশ দেওয়া গেলে মাছ, গাছপালা ও বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য আরও সমৃদ্ধ হবে।

তবে এ নিষেধাজ্ঞায় সুন্দরবন নির্ভর হাজারো জেলে, বাওয়ালী ও মৌয়ালী পরিবার আর্থিক সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বনজীবীদের জন্য সরকারি সহায়তার বিষয়ে বন বিভাগ ও মৎস্য বিভাগ কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে পর্যটননির্ভর নৌযান মালিক ও শ্রমিকরাও দীর্ঘ তিন মাস কর্মহীন সময় পার করবেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী এলাকার কাঁকড়া জেলে জামাল হোসেন বলেন, তিন মাস সুন্দরবনে প্রবেশের জন্য পাস বন্ধ করেদেওয়া মানে আমাদের মতো জেলেদের পেটে লাথিমারা। জেলে আনিসুর বলেন সুন্দরবনে যেতে না পারলে উপকূলের জেলেদের আর্থিক সংকটে পড়ে এনজিও থেকে লোনের টাকা নিয়ে আমাদের চলতে হবে।

নীলডুমুর পর্যটক বাহি ট্রলার মাঝি রিপন গাজী বলেন, আমাদের নদীতে নোনা পানী আর এই পানি তে প্রচুর নোনা পোকা আমাদের বোর্ডগুলো নোনাই খেয়ে ফেলে বস্তি থাকার কারণে তবে বাস চালু থাকলে আমাদের বোর্ডগুলো নষ্ট হতো না, আমরা এই পাস বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছি।

সিনিয়র সাংবাদিক ও পর্যটক সালাহউদ্দিন বাপ্পি বলেন বন বিভাগের এই নিষেধাজ্ঞার আমি কোন যৌক্তিকতা দেখি না। প্রানী বৈচিত্র্য রক্ষার নামে বন বিভাগের এই নিষেধাজ্ঞার সময় বৃক্ষ নিধন, বন্য প্রানী হত্যা, অভয়ারণ্যে মৎস্য স্বীকার সবই হয়। এই নিষেধাজ্ঞার সুফল পায় মুষ্টিমেয় কিছু স্বার্থান্বেষী মহল। এসময় জেলে, বাওয়ালি, মৌয়ালরা চরম অনিশ্চয়তার মধ্যে সময় পার করে। সরকার এদেরকে যে সহোযোগিতা দেয় তা খুবই অপ্রতুল।

বন বিভাগ জানায়, ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হবে। এ সময়ের মধ্যে জীববৈচিত্র্য সংরক্ষণে বন বিভাগ, কোস্ট গার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে নজরদারি কার্যক্রম পরিচালনা করবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন