বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩
হাকিমপুর সীমান্তে শত শত নারী-পুরুষ

চামড়া পাচার ও পুশইন রোধে সীমান্তে বিজিবির কড়া নজরদারি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আসন্ন ঈদুল আজহা (কোরবানির ঈদ) উপলক্ষে ভারতে পশুর চামড়া পাচার রোধ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ নজরদারি বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ভারতের পশ্চিমবঙ্গ সরকারের ‘ডিটেক্টেড ডিফল্ট হোল্ডিং সেন্টার’ সংক্রান্ত নির্দেশনার পর, সীমান্ত আইন অমান্য করে সেখানে বসবাসকারীদের বিএসএফ কর্তৃক পুশইনের অপতৎপরতা রুখতে বিজিবি এই বিশেষ ব্যবস্থা নিয়েছে।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্ত এলাকায় শত শত নারী-পুরুষকে জড়ো করা হয়।

উল্লেখ্য, এই হাকিমপুর সীমান্তের বিপরীতেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত অবস্থিত।

এই পরিস্থিতিকে কেন্দ্র করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে সম্ভাব্য পুশইন প্রতিহত করতে সীমান্তজুড়ে বিজিবির টহল ও নজরদারি আগের তুলনায় ব্যাপক বাড়ানো হয়েছে। গভীর রাতেও বিজিবির বিশেষ টহল অব্যাহত রয়েছে এবং সীমান্ত এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্কতামূলক ঘোষণা দেওয়া হচ্ছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে প্রতিবেশী দেশ কর্তৃক কোনো ধরনের পুশইনের চেষ্টা করা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, আমরা গভীর রাতেও সতর্ক অবস্থানে আছি এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করে টহল জোরদার করেছি। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো পুশইন এবং কোরবানির চামড়া যাতে পাচার হতে না পারে, সে লক্ষ্যে বিজিবি জওয়ানরা সার্বক্ষণিক সর্তক অবস্থানে রয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন