সোমবার । ২৭শে এপ্রিল, ২০২৬ । ১৪ই বৈশাখ, ১৪৩৩

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

গায়ের গহনা ছিনিয়ে নিতে অজ্ঞাত দুর্বৃত্তরা এক মহিলা দোকানীকে মাথায় ও কপালে ইট দিয়ে আঘাত করে হত্যা করছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মহিলা দোকানীর নাম বীথিকা রানী ঘোষ (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলা লাবসা ইউনিয়নের মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী।

মাগুরা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন জানান, মাগুরা বৌবাজার এলাকায় বীথিকা রানী ঘোষের একটি মুদিখানা দোকান রয়েছে। স্বামীর মৃত্যুর পর তিনি ওই দোকান পরিচালনা করে সংসার নির্বাহ করতেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে থাকা স্বর্ণের গহনা ছিনিয়ে নিতে তার উপর আক্রমণ চালায়। এ সময় দুর্বৃত্তরা তার কপালে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ পাশের পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। মহিলার হাতে স্বর্ণের রুলি, গলায় একটি স্বর্ণের চেইন এবং দুই কানে স্বর্ণের দুল ছিল বলে জানা গেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) সুশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহিলার শরীরে থাকা স্বর্ণের গহনা ছিনতাই করতে গিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে রাত চারটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন